২৫ ডিসেম্বর ব্রিটেনের লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরআগে আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সম্ভবত এটি হতে যাচ্ছে তারেক রহমানের দেশে ফেরার আগে লন্ডনে সবশেষ জনসভা।
জানা গেছে, বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে অনুষ্ঠিত হবে এই জনসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।
ব্রিটেন শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, সবাই অপেক্ষা করছে দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের সবশেষ জনসভায় অংশ নিতে। এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রিটেন বিএনপির সভাপতি এম এ মালিক। অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রিটেন বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।











