সাড়ে চারশো কোটি ডলার ঋণ নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপব্যবস্থাপনা পরিচালক বা ডিএমডি অ্যান্তোইনেত সায়েহর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠকে হয়নি সুনির্দিষ্ট কোনো আলোচনা। তবুও কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, ফেব্রুয়ারিতেই বাংলাদেশ পাবে ঋণের প্রথম কিস্তি।
রোববার (১৫ জানুয়ারি) বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, দেশের অর্থনীতিতে চলমান সংস্কার উদ্যোগের অগ্রগতির সঙ্গে এই মুহূর্তে যেসব চ্যালেঞ্জ আছে তা জানানো হয়েছে আইএমএফকে।
সংকট থেকে উদ্ধারে তাই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে সাড়ে ৪০০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। যে আলোচনা গতি পায় গেল বছরের মাঝামাঝি থেকে। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা সফরে সংস্থাটির উপমহাব্যবস্থাপক। ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি প্রথম দিনেই বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে।
মিটিংয়ে দেশের অর্থনীতি সংস্কারে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ছাড়াও আইএমএফকে জানানো হয়েছে বহুমুখী চ্যালেঞ্জ আর অগ্রগতি নিয়েও। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে ঋণ নিয়ে হয়নি সুনির্দিষ্ট কোনো আলোচনা।
মেজবাউল হক আরও বলেন, ঋণ নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়নি। তবে ফেব্রুয়ারিতেই ঋণের প্রথম কিস্তি পাওয়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।











