জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সবুজ জমিনে কুরআনকে বিজয়ী করতে সব স্তরে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রচনা করতে হবে। আমাদের উদ্দেশ্য একটাই আল্লাহর দেওয়া কুরআনের বিধান অনুযায়ী একটি ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা।
শুক্রবার (১৫ মার্চ) জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমীর বলেন, বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ মুসলমান। অথচ তার আকিদা বিশ্বাসের জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য সীমাহীন ষড়যন্ত্র চলছে। একজন মুসলমানের পারিবারিক জীবন, সমাজের সঙ্গে তার ব্যবহার, মানুষের কল্যাণের জন্য সে কি ভূমিকা রাখবে বা আল্লাহ দায়িত্ব দিয়েছেন সেখান থেকে ভুলিয়ে রাখার জন্য গভীর ষড়যন্ত্র বিদ্যমান। এসব ষড়যন্ত্রকে প্রতিহত করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।










