spot_img

নামাজে আগ্রহ বাড়াতে ৩১৭ কিশোরকে সাইকেল উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

পবিত্র রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে কিশোরদের উৎসাহিত করতে রাজধানীর মিরপুরে ৩১৭ জন কিশোরকে নতুন সাইকেল উপহার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নামাজের প্রতি আগ্রহ তৈরি করা এবং নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রোববার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ সাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়। মিরপুরের ৪টি ওয়ার্ডের মোট ৬টি মসজিদের আওতায় থাকা ৩১৭ জন কিশোর এ কর্মসূচির অধীনে সাইকেল উপহার পায়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, তিনি ঘোষণা দিয়েছিলেন, এলাকার ১২ থেকে ১৪ বছর বয়সী যেসব শিশু পুরো রমজান মাস মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের উৎসাহিত করতে তিনি সাইকেল উপহার দেবেন। আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো।

তিনি বলেন, পুরস্কার বড় কথা নয়, মূল লক্ষ্য হলো শিশুদের মধ্যে নামাজের অভ্যাস গড়ে তোলা এবং তাদের সঠিক পথে পরিচালিত করা। পরবর্তী প্রজন্ম যেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠে, সেটাই এ উদ্যোগের উদ্দেশ্য।

আমিনুল হক আরও বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা যেন এই নামাজের অভ্যাস সারাজীবন ধরে রাখতে পারে, সে জন্যই এটি তার ক্ষুদ্র প্রচেষ্টা।

প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে এ কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে। তিনি বলেন, এবার ৬টি মসজিদে এ আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ, আগামী বছর এ এলাকার আরও বেশি সংখ্যক মসজিদে এ কার্যক্রম চালু করার চেষ্টা করা হবে।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম, খতিব ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ