খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেছেন, মাওলানা মামুনুল হকের কারাবরণ দীর্ঘায়িত হলে সরকারকেই খেসারত দিতে হবে। আলেম ওলামাদের জেলে রেখে কখনো দেশে শান্তি আশা করা যায় না। দীর্ঘ দুই বছর ধরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা মামুনুল হককে মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেফতার করে কারারুদ্ধ করে রাখা হয়েছে।
আজ শনিবার (১৫ এপ্রিল) ঠনঠনিয়া, এম.কে.আই কোচিং সেন্টারে বাংলাদেশ খেলাফত যুব মজলিস বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মাওলানা ফজলুর রহমান বলেন, আমি তার দ্রুত মুক্তি কামনা করছি, আর যদি সরকার মুক্তি দিতে বিলম্ব করে, তার কারাবরণ আরো দীর্ঘায়িত হয় তাহলে সরকারকেই খেসারত দিতে হবে। তিনি মাওলানা মামুল হকসহ কারাবন্দী সকল ওলামায়ে কেরামের মুক্তির দাবি জানান।
বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও কামরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, যুব মজলিস বগুড়া জেলার সহ-সভাপতি মওলানা খাদিমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা বিন হাবিব, দপ্তর সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, খেলাফত ছাত্র মজলিস বগুড়া জেলা শাখার সভাপতি হাফেজ কুরাইশ আহমদ প্রমুখ।










