প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে একজন ভাল বন্ধু ও ফিলিস্তিন রাষ্ট্রের জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থনের কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।
চীন সফররত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ বিষয়টি জানান।
প্রেসিডেন্ট শি জিন পিং বলেন, “আমরা উভয়েই একে অপরের ভাল বন্ধু ও সহযোগী। এছাড়াও আমরা সবসময় ফিলিস্তিনি জনগণের জাতীয় অধিকার পুনরুদ্ধারের বিষয়টি দৃঢ়ভাবে সমর্থন করি।”
বৈঠকে ফিলিস্তিনের সাথে ‘কৌশলগত সম্পর্ককে’ একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেও উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ বৈঠকে বলেন, তার প্রশাসন চীনের সাথে পারস্পারিক সহযোগিতা জোরদার ও সুরক্ষিত বিনিয়োগ করার জন্য উন্মুখ হয়ে রয়েছে। পাশাপাশি তিনি ফিলিস্তিনিদের দ্বারা উপস্থাপিত বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে চীনের অর্থায়নের জন্য প্রশংসা করেন। এছাড়াও এসব প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য তিনি প্রযুক্তিগত প্রতিনিধিদের দ্রুত পাঠানোর কথাও উল্লেখ করেন।
বেইজিং দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের সাথে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে। ২০১৭ সালে মাহমুদ আব্বাসের সর্বশেষ চীন সফরের পর থেকে ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষের মধ্যস্থতার কথাও বলে আসছে দেশটি।
এছাড়াও সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে, বেইজিং মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। গত মার্চ মাসে প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনে মূল ভূমিকা পালন করেছিল চীন যা এই অঞ্চলে দীর্ঘদিনের আমেরিকার আধিপত্যকে হুমকির মুখে ফেলে দিয়েছে।
উল্লেখ্য; গত বুধবার মাহমুদ আব্বাস ৩ দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌছান। এসময় বেইজিংয়ে অবস্থিত ‘গ্রেট হল অব দ্য পিপল’ বিল্ডিং এর সামনে তাকে পূর্ণ সামরিক সম্মানের মাধ্যমে স্বাগত জানানো হয়।
সূত্র: আল জাজিরা











