তালেবান জানিয়েছে, মার্কিনপন্থী আফগান সরকারের কারাগারে বন্দী তাদের সাত হাজার যোদ্ধাকে মুক্তি দেয়া হলে তিন মাসের জন্য যুদ্ধবিরতিতে যাবে তারা। বৃহস্পতিবার তালেবানের সাথে শান্তি আলোচনায় আফগান সরকারের প্রতিনিধি দলের এক সদস্য এই তথ্য জানান।
নাদের নাদেরি নামের এই সদস্য বলেন, একইসাথে তালেবান তাদের নেতাদের নাম জাতিসঙ্ঘের কালো তালিকা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে।
তবে তালেবানের প্রস্তাবের বিপরীতে আফগান সরকারের প্রতিক্রিয়া কী, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুসারে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার চলছে। পেন্টাগনের তথ্য অনুসারে ইতোমধ্যেই দেশটি থেকে ৯৫ ভাগ সৈন্য প্রত্যাহার শেষ হয়েছে।
এরই মধ্যে তালেবান দেশটির বিভিন্ন স্থানের নিয়ন্ত্রণ নেয়া শুরু করেছে। ইতোমধ্যেই দেশটির ৮৫ ভাগের বেশি এলাকা তালেবানের নিয়ন্ত্রণে নেয়ার তথ্য জানিয়েছে সংগঠনটি।
সূত্র : এনডিটিভি












