বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় সেদেশের সরকার বাংলাদেশকে ট্রানজিট ব্যবহারের প্রস্তাব দেওয়ায় এখন ভুটানের সঙ্গে আমাদের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। এতে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে আগ্রহ বাড়বে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ভুটানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব দেব দাশো কর্মা শেরিনের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভুটান ও অন্যান্য প্রতিবেশি দেশের সাথে আকাশ পথে যোগাযোগ বাড়াতে সৈয়দপুর বিমান বন্দরকে আঞ্চলিক বিমান বন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় উন্নয়ন কাজ চলছে। তিনি বলেন, সৈয়দপুর বিমান বন্দর এবং বাংলাবান্ধা ও বুড়িমারি স্থল বন্দরের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি পাবে। একইসাথে ভারতের মধ্য দিয়ে ভুটানের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ উভয় দেশের জন্য লাভজনক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় ভুটান প্রথম স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। আমরা সবসময় সেটি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। তিনি চার্টার্ড এ্যাকাউনটেন্সি বিষয়ে বাংলাদেশে লেখাপড়ার সুযোগ নিতে ভুটানের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশে এ বিষয়ে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে উভয় দেশের জন্য নতুন যুগের সূচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: বাসস











