গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এসময় ১ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৪০ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১০ হাজার ২৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৮ হাজার ৯৫ জন, আর ঢাকার বাইরে ২ হাজার ১৩৭ জন।










