হিন্দু ধর্মালম্বিদের দুর্গা পূজা উপলক্ষে গত ৯ দিনে বেনাপোল বন্দর দিয়ে ৫১৬ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে রপ্তানিকারক প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুুবুর রহমান গণমাধ্যমকে জানান, দুই দফায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৫৯টি প্রতিষ্ঠানকে মোট দুই হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। গত ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রপ্তানি হয়েছে ৫১৬ মেট্রিক টন। এরমধ্যে একদিন সরকারি ছুটি ছিল।
রপ্তানিকারক প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বিশুদানন্দা আচার্জী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় প্রথম দফায় ৪৯টি ও পরে আরও ১০টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এবার ভারতে দুই হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৯৪৮ টাকা।
বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম-কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, এসব ইলিশ দ্রুত রপ্তানির জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।











