spot_img
spot_img

সম্ভাব্য হামলার আশঙ্কায় জেদ্দা-তায়েফসহ সৌদির ৬ শহরে জরুরি সতর্কতা

সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরবের জেদ্দা ও তায়েফসহ ছয়টি শহর ও এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

সোমবার, ১৫ সেপ্টেম্বর সৌদির ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে জেদ্দা, তায়েফ, ইয়ানবু, আবহা, জাজান ও আল-উলায় সম্ভাব্য বিপদের সতর্কতা পাঠানো হয়। এ সময় বাসিন্দাদের শান্ত থাকতে, সরকারি নির্দেশনা অনুসরণ করতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়।

রয়টার্স জানিয়েছে, ইরান সমর্থিত হুথি বাহিনীর সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বৃদ্ধির মধ্যেই নতুন করে এসব সতর্কতা জারি করা হয়।

এর আগে হুথি বাহিনী দক্ষিণ সৌদি আরবের খামিস মুশাইতে একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের দাবি করে। তাদের দাবি, হামলায় বিমান হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও গোলাবারুদের স্থাপনা লক্ষ্য করা হয়েছে। তবে হুথিদের এসব দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সাম্প্রতিক হুথি হামলায় দেশটিতে ১৩ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

এদিকে ছয় এলাকার মধ্যে ইয়ানবু কৌশলগতভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়ানবু সৌদি আরবের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র। দেশটির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের পশ্চিম প্রান্তও এই এলাকায় অবস্থিত।

পরে সৌদি সিভিল ডিফেন্স জানায়, জেদ্দা, তায়েফ, ইয়ানবু, আবহা, জাজান ও আল-উলায় তাৎক্ষণিক বিপদ কেটে গেছে। তবে বাসিন্দাদের সরকারি নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ