নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণ করে মামলা থেকে বাঁচতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে বিয়ে করেছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান। তিনি উপজেলার ৮ নম্বর মুহাম্মাদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামের আবুল বাসারের ছেলে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে মাইজদি শহরে এ বিয়ে করেন ওই ছাত্রলীগ নেতা।
জানা যায়, গত মঙ্গলবার রাতে সুফিয়ান ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীক ধর্ষণ করে। পরে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর পরিবার থানায় মামলা করতে চায়। তবে মামলা থেকে বাঁচতে গতকাল দুপুরে মাইজদিতে গিয়ে কোর্টে এফিডেভিট করে ওই শিক্ষার্থীর বয়স বাড়িয়ে তাকে বিয়ে করেন ছাত্রলীগ নেতা।
তবে বাল্যবিয়ের খবর পেয়ে পুলিশ বিয়ে বাড়ির দিকে রওনা করে। পুলিশ আসার খবর শুনে বর পক্ষের লোকজন পালিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, ওই শিক্ষার্থীর বাবা-মা অভিযোগ জানালে আমি বিষয়টি সুবর্ণচর থানার ওসি জিয়াউল হককে ফোনে অবহিত করি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, মুহাম্মাদপুর ইউনিয়নের একটি বাড়িতে বাল্য বিয়ে হচ্ছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় ছেলে পক্ষ পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আর থানায় আসেনি এবং কোনো লিখিত অভিযোগও করেনি। ধর্ষণের বিষয়েও থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।
তিনি আরও বলেন, কোনোভাবেই বাল্যবিয়ে মেনে নেওয়া যায় না। এটা অপরাধ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।











