spot_img

কুমিল্লার ঘটনা পূর্বপরিকল্পিত ও চক্রান্তমূলক: রিজভী

কুমিল্লার ঘটনা পূর্বপরিকল্পিত এবং চক্রান্তমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় দলের উদ্যোগে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, কুমিল্লার ঘটনা ঘটানোর কারণ হলো তাদের (আওয়ামী লীগের) ব্যর্থতা, গণতন্ত্রহীনতা, জোর জবরদস্তি ডাকাতের মতো করে ক্ষমতা দখল করে আছে। এখান থেকে বিশ্বে নিজের ভাবমূর্তি ভালো করার জন্য সরকার দেখাচ্ছে এই দেশে সাম্প্রদায়িক ঘটনা যাই হোক আমরা কঠোর হস্তে দমন করতে পারি।

তিনি বলেন, দেশের জনগণ, কোনো রাজনৈতিক দলই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে নাই। এগুলো করেছে এই সরকার।

বিএনপির এই নেতা বলেন, একটা কথা আছে সর্প হইয়া দংশন করি ওঝা হয়ে ঝাড়ি। আওয়ামী লীগ সরকার যারা অবৈধভাবে আছে তারা সেই কাজটি করছে। সর্প হইয়া দংশন করছে আবার ওঝা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। আর এইগুলো ঢাকতে গিয়ে কত মানুষের প্রাণ যাচ্ছে। রাজপথ রক্তে রঞ্জিত হচ্ছে।

তিনি বলেন, এশিয়ার মধ্যে চালের দাম এখন সবচাইতে বেশি বাংলাদেশে। পিঁয়াজ, মরিচ, তেল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়ছে। আবার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। সুপেয় পানির দাম বৃদ্ধি করা হয়েছে।

রিজভী বলেন, এইযে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা সরকারের নিয়ন্ত্রণের কথা দূরে থাক সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। কথা বলার অধিকার নাই। গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ছে। আর এটা থেকে দেশের জনগণের দৃষ্টি সরানোর জন্য কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে।

রিজভী বলেন, আমরা আগে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কথা শুনি নাই। এই সরকারের আমলেই আমরা এই কথা শুনেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ