কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, আমাদের এই দেশ চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে আবহমানকাল ধরেই সকল সম্প্রদায়ের লোকজন এক সঙ্গে শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু একটি কুচক্রী মহল এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য অপচেষ্টায় লিপ্ত। যারা এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) ১১টার দিকে পৌর শহরের সাতপাই এলাকায় একাধিক নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, কুমিল্লায় দুর্গাপূজা মণ্ডপে যে অনভিপ্রেত ঘটনা ঘটানো হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, যে দেশে রেলপথ যতো উন্নত সেই দেশ ততো উন্নত। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ৫৬টি রেলস্টেশনের উন্নত করার কাজ চলমান রয়েছে। এর মধ্যে পূর্ব অঞ্চলের ২৭টি স্টেশনের কাজ হচ্ছে। নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথটি ব্রডগেজে উন্নীত করা হবে।












