দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সকল জনপ্রতিনিধিকে সতর্ক অবস্থানে থাকার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কুমিল্লায় মূর্তির পায়ে কোরাআন শরীফ রেখে হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সম্প্রতি ব্রিফকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনসহ জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানের প্রতিনিধি তারা জাতির দুঃসময়ে, দুর্দিনে, বিপদে-আপদে সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। আমাদের দেশে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলে মিশে বসবাস করে। এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আজকে সেই সম্প্রীতি নষ্ট করতে এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সকল জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে হবে।
সম্প্রতি কুমিল্লার পূজামন্ডপে সৃষ্ট ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রের একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মুহাম্মাদ তাজুল ইসলাম বলেন, স্বাধীনতা বিরোধী শত্রুরা রাষ্ট্রীয় ক্ষমতার জন্য বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে এবং এখনও করে যাচ্ছে। তাদের আন্দোলনে মানুষের সাড়া পায় না বলেই দেশকে অস্থিতিশীল করতে ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে ইন্ধনের চেষ্টা করছে। শুধু দেশে নয় দেশের বাহিরেও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ তিনি ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে দমন করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।











