আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন মারা গেছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও এক শিশু ছিলেন। দুর্ঘটনায় বিমানের সবাই মারা গেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটের দিকে উইসকনসিনের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) উত্তর-পশ্চিমে ডেলোনা শহরে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, উইসকনসিন ডেলসের পশ্চিমে ডেলোনা শহরের মিরর লেক স্টেট পার্কের কাছে একটি বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি ও বজ্রঝড় হচ্ছিল। বিমানটি কেনোশা থেকে মেনোমোনির দিকে ফিরতি ফ্লাইটে ছিল।
বুধবার (১৪ অক্টোবর) ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট বিমানের ডানায় বরফ জমার কথা জানান এবং নিচে নামার অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল অনুমতি দেওয়ার পর বিমানটি ডানদিকে বাঁক নিয়ে নিচে নামতে শুরু করে। একপর্যায়ে বাঁক নেওয়ার গতি বাড়তে থাকে। এরপর বিমানটির সঙ্গে যোগাযোগ ও ট্র্যাকিং ডেটা বিচ্ছিন্ন হয়ে যায়।
সক কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পাঁচজন প্রাপ্তবয়স্ক ও এক শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, ফিক্সড-উইং পাইপার পিএ-৪৬ মডেলের বিমানটি দুর্ঘটনার আগে কাছের একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিল। ওই কথোপকথন এবং দুর্ঘটনার সময়কার আবহাওয়া কোনো ভূমিকা রেখেছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তবে এ ঘটনায় ভূমিতে কোনো স্থাপনার ক্ষতি বা অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ তদন্তে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) কাজ করছে। এনটিএসবি তদন্তের নেতৃত্ব দিচ্ছে।
সূত্র: এপি, আনাদোলু এজেন্সি, এনটিএসবি, সক কাউন্টি শেরিফের কার্যালয়











