spot_img
spot_img

ইরানে ১১ টনের বোমা দিয়ে হামলার পরিকল্পনা আমেরিকার

ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় নতুন হামলার পরিকল্পনা তৈরি করেছে আমেরিকার সামরিক বাহিনী। এতে প্রায় ১১ টন ওজনের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘মাদার অব অল বম্বস’ বা এমওএবি ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে সিএনএন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নতুন হামলার পরিকল্পনা তৈরি করা হয়েছে। এতে ইরানের জ্বালানি অবকাঠামোর পাশাপাশি পারমাণবিক স্থাপনা, বিশেষ করে পিকঅ্যাক্স মাউন্টেন লক্ষ্য করার বিষয় রয়েছে।

কর্মকর্তারা জানান, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে এমওএবি ব্যবহার করা হলে উত্তেজনা আরও বাড়তে পারে। তবে এই বোমা হামলা আমেরিকার ঘোষিত লক্ষ্য অর্জনে কতটা কার্যকর হবে, তা নিয়ে সামরিক পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যেই সংশয় রয়েছে।

মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের ধারণা, ইরান তার পারমাণবিক কর্মসূচির কিছু উপাদান পিকঅ্যাক্স মাউন্টেনের ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে। ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, এটিকে নিজের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প।

এদিকে, মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। যুদ্ধের অবসান এবং পরবর্তী কৌশল নিয়ে আমেরিকার প্রশাসনের ভেতরেও মতভেদ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ