ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশসহ সব দেশেই মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত দেখতে চায়। তবে, নির্বাচন কোনো ইভেন নয়, এটা একটি প্রক্রিয়া। নানা কারণে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিপুল আগ্রহ রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। তাই বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে দৃষ্টি রাখছে ইউরোপীয় ইউনিয়ন।
সোমবার (১৫ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সম্প্রতি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। এ নিয়ে সেখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। আমরা মিয়ানমারের ওপর বেশ কয়েকটি ইস্যুতে অবরোধ আরোপ করেছি। রোহিঙ্গাদের যেন মিয়ানমার ফেরত নেয় এ লক্ষ্য আমরা আন্তর্জাতিক চাপও অব্যাহত রেখেছি।










