spot_img

কুরআন-সুন্নাহর বাইরে প্রধানমন্ত্রী কিছু করবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদয় দিয়ে ইসলাম ধর্মকে ধারণ করেন। তিনি পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন- পবিত্র কুরআন-সুন্নাহর বাইরে কিছু করবেন না এবং যথার্থই আজ পর্যন্ত কুরআন ও সুন্নাহর বাইরে কিছু করেননি তিনি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ার মাদার্শার বাবুনগরে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার শিক্ষাকে স্বীকৃতি দেওয়ার জন্য অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু কেউ কিছু করে যেতে পারেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী তা করে দেখিয়েছেন।

বিএনপির ১০ ডিসেম্বরের কর্মসূচিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে, জনগণের ভোটের ওপর নির্ভর করে। আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। কোনো বন্দুকের নলে বিশ্বাস করে না। তারা নাকি ঢাকা দখল করে ফেলবে! তাহলে কি আমাদের খেদাই (তাড়িয়ে) দেবে? বসে পড়বে, সেখানে নাকি সরকার গঠন করে ফেলবে। আর আমাদের তাড়িয়ে দেবে। মুখে না বললেও এরকম কথা আমরা শুনছি। সব সময় এ রকম একটা ষড়যন্ত্রের কথা হয়। এ ষড়যন্ত্র করে যারা আসে, তারা কখনো জনগণের কথা বলে না। তারা জনগণের ভোটের ওপর বিশ্বাস করে না।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণকে নিয়ে চলে। আর জনগণকে নিয়ে চলে বলেই সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নের দোড়গোড়ায় নিয়ে যেতে পেরেছেন।

মাদক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক আমাদের দেশে তৈরি হয় না। বিভিন্ন দেশ থেকে মাদক আমাদের দেশে আসে। আবার ট্রানজিটের মাধ্যমে নাকি দেশের বাইরেও যায়। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছি। মাদক মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ