ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দেখতে না পেয়ে একটি ফ্লাইট চট্টগ্রাম ও তিনটি ভারতের কলকাতা বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। এর আগে দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর মারে ফ্লাইটগুলো।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। কুয়াশা খানিকটা কমার পর সকাল ১০টায় ফ্লাইট উঠানামা শুরু হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রানওয়ের কম থাকায় চারটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম ও কোলকাতায় অবতরণ করেছে। এখন (সকাল ১১ টা) পরিস্থিতির উন্নতি হচ্ছে। আটকে থাকা ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করেছে।
বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে ফ্লাইটগুলোর পাইলট অবতরণের আগে রানওয়ে দেখতে পাচ্ছিলেন না। ফলে সৌদি আরবের রিয়াদ থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের সাড়ে ৭টার ফ্লাইটটি আকাশে চক্কর মেরে সোয়া ১০টায় অবতরণ করে। এছাড়াও সকালের ইউএস-বাংলা এয়ারলাইন্সের দোহা ও শারজাহ থেকে ঢাকাগামী দুইটি ফ্লাইট এবং আবুধাবি থেকে ঢাকাগামী এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট দীর্ঘক্ষণ অপেক্ষা করে অবতরণে ব্যর্থ হওয়ায় সেগুলোকে কোলকাতা বিমানবন্দরে পাঠানো হয়। পরে ফ্লাইটগুলো সেখানে নিরাপদে অবতরণ করে। এছাড়া ফ্লাই দুবাইয়ের দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় না নেমে চট্টগ্রামে অবতরণ করেছে। এছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স, ভিস্তারা এয়ারলাইন্স ও গালফ এয়ারসহ বেশ কয়েকটি ফ্লাইট দেরিতে অবতরণ করেছে। একই কারণে ঢাকা থেকে প্রায় ডজনখানেক ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি।










