সৌদি আরবের বেশ কয়েকটি কোম্পানি বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী কোম্পানিগুলো। এমনটি জানিয়েছেন ঢাকা সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ।
বুধবার (১৬ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এসময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান, নতুন খাত খুঁজে বের করে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সৌদি আরব।
অপরদিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরবকে বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী বৈঠকে আশা প্রকাশ করেছেন, সৌদি আরবের বিনিয়োগকারীরা বাংলাদেশের বিদ্যমান বিভিন্ন সুবিধা কাজে লাগাবেন।











