হিজাব পরা ইসলাম ধর্মবিশ্বাসে বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয় বলে কর্ণাটক হাই কোর্ট যে রায় দিয়েছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।
বুধবার (১৬ মার্চ) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান বলেন, কর্ণাটক হাইকোর্ট হিজাব এর ব্যাপারে যে রায় দিয়েছে তা ভারতের মুসলমানসহ বিশ্বের ২০০ কোটি মুসলমান কোনভাবেই মেনে নেবে না। এই রায় চরম ইসলাম বিদ্বেষী ও কোরআন-সুন্নাহ বিরোধী। ইসলামী শরীয়তে হিজাব পড়া প্রত্যেকটি বালেগা মুসলিমের জন্য ফরজ। এই ফরজ বিধান পালনে কোন হাইকোর্ট সুপ্রিমকোর্ট প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। অবিলম্বে এই রায় প্রত্যাহার করতে হবে। ভারতের স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে হিজাব পড়ে ক্লাস করার সুযোগ দিতে হবে।
তিনি বলেন, হিজাবের বিরুদ্ধে কর্ণাটকের হাইকোর্ট যে রায় দিয়েছে এ জন্য বিশ্ব মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে। ভারত সরকার এই রায় বাতিল না করলে এর জন্য করা মাশুল গুনতে হবে। ওআইসির প্রতি আহ্বান, ভারতের এই রায়ের ব্যাপারে আন্তর্জাতিক আদালতে ভারত সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী ও সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের মামলা করতে হবে। বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান, ভারতের মজলুম মুসলমানদের ঈমান-আকিদা ও জান-মাল রক্ষায় তাদের পাশে থাকুন এবং নৈতিক সমর্থন অব্যাহত রাখুন।









