বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সাগরের চেয়েও গভীর এবং হিমালয় পর্বতের চেয়েও বিশাল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশন যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে মৈত্রী দিবস উদযাপনের জন্য আয়োজিত লোগো ও ব্যাকড্রপ নকশা প্রতিযোগিতার বিজয়ী আটজন বাংলাদেশি প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বিজয়ীদের হাতে সম্মানী ও সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রথিতযশা শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রসচিব তার বক্তব্যে মৈত্রী দিবস উদযাপনকে দুই দেশের সম্পর্কে একটি মাইলফলক হিসেবে মন্তব্য করেন। তিনি উৎসাহী তরুণ প্রজন্মকে তাদের সৃজনশীল চিন্তার জন্য ধন্যবাদ জানান।










