spot_img
spot_img

কলম্বিয়ায় কয়লার খনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১১

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় মাটির নিচে আটকা পড়েছেন আরও ১০ জন। ভুক্তভোগীদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

মঙ্গলবার (১৪ মার্চ) স্থানীয় সময় রাতে এ বিস্ফোরণ হয়। রাজধানী বোগোটা থেকে ৭৪কিমি (৪৬ মাইল) উত্তরে অবস্থিত সুতাতাউসার পৌরসভায় একটি কয়লা খনিতে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটে। কলম্বিয়ার কুন্দিনামার্কা প্রদেশের গভর্নর নিকোলাস গার্সিয়া বুধবার (১৫ মার্চ) ব্লু রেডিওকে এ তথ্য জানিয়েছে। মূলত খনিতে কর্মরত একজন শ্রমিকের হাতিয়ার থেকে স্ফুলিঙ্গ সৃষ্টি করার পরে গ্যাসের কারণে ওই বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের ফলে আটকে যায় খনির মুখ। ৭ জন বেরিয়ে আসতে সক্ষম হলেও, আটকা পড়ে বাকিরা। বুধবার (১৫ মার্চ) উদ্ধারকর্মীরা বের করে আনেন দুই জনকে। উদ্ধারে অভিযানে জরুরি বিভাগের সাথে কাজ করছে সেনা সদস্যরা। যোগ দিয়েছে স্বেচ্ছাসেবীরাও।

এদিকে টুইটারে পোস্ট করা এক বার্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো নিশ্চিত করেছেন, খনিতে বিস্ফোরণের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং এটিকে তিনি ‘ট্র্যাজেডি’ হিসাবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারে আমরা কুন্দিনামার্কা সরকারের সাথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ