আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার জনআকাঙ্ক্ষা পূরণে নিয়মতান্ত্রিক ও সাংবিধানিকভাবে জুলাই সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে বদ্ধপরিকর। বিভ্রান্তিকর আশ্বাস দিয়ে নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমেই বিএনপি দেশ পরিচালনা করতে চায় বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (১৬ মার্চ) বিকেলে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত শিরিষকাঠ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলনে যারা খুন ও গুমের শিকার হয়েছেন, তাদের ত্যাগের স্বীকৃতির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়নে সরকার এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খননের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কর্মসূচি পুনরায় চালুর মাধ্যমে কৃষি ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছেন।
মন্ত্রী জানান, নির্বাচনের পর থেকেই সরকার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। এর মধ্যে রয়েছে ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচি।
তিনি বলেন, সারাদেশে প্রায় ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ২৫ কোটি বৃক্ষরোপণ এবং প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।










