ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৬ সালের জন্য টাইম ম্যাগাজিনের বার্ষিক ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। এ নিয়ে পঞ্চমবারের মতো তিনি বিশ্বখ্যাত এই সাময়িকীর তালিকায় জায়গা করে নিলেন। রাজনৈতিক নেতাদের বিভাগে তালিকাভুক্ত প্রায় দুই ডজন বিশ্বনেতার মধ্যে তিনি অন্যতম।
২০২৬ সালের এই তালিকায় নেতানিয়াহুর অন্তর্ভুক্তির পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতির প্রভাবশালী বেশ কিছু নামও উঠে এসেছে। যার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সামরিক প্রধান ড্যান কেইন এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ রয়েছেন।
টাইম ম্যাগাজিন তাদের প্রতিবেদনে নেতানিয়াহু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে উল্লেখ করেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার মাধ্যমে তিনি তার দেশের ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ নিরাপত্তা ব্যর্থতার’ জন্য দায়ী ছিলেন। তবে সেই বিপর্যয় কাটিয়ে তিনি পুনরায় রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন।
লেবানন ও ইরানের সাথে ইসরাইলের চলমান যুদ্ধ এবং গাজ্জা থেকে জিম্মিদের মুক্ত করার বিষয়টি ইসরাইলি জনসাধারণের কাছে তার জনপ্রিয়তা ও অবস্থানকে পুনরায় শক্তিশালী করেছে। যদিও পশ্চিম তীরে বসতি স্থাপন এবং এসব সংঘাতের কারণে আন্তর্জাতিক মহলে ইসরাইলের প্রতি মনোভাব নেতিবাচক হতে পারে এবং বিশেষ করে তরুণ আমেরিকানদের মধ্যে সমর্থন হ্রাস পেয়েছে বলে সাময়িকীটি সতর্ক করেছে।
সূত্র: টাইমস অব ইসরাইল











