spot_img
spot_imgspot_img

চারদিকে তাকালে মনে হয় দেশটা আফগানিস্তান হয়ে গেছে : মেনন

বাংলাদেশের চারদিকে তাকালে দেশটা আফগানিস্তান মনে হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেন, দেশের চারদিকে তাকালে মনে হয় দেশটা আফগানিস্তান হয়ে গেছে, বাংলাদেশ নয়। দেশে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যে ঘটনাগুলো ঘটছে, এগুলো বাংলাদেশের চরিত্র নয়।

শনিবার (১৬ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেনন বলেন, পরিকল্পিতভাবে দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার ঘটনাগুলো ঘটানো হচ্ছে। গতকাল (শুক্রবার) নড়াইলের ঘটনায় সেটিই মনে হয়েছে।

সাম্প্রদায়িকতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণআদালত, গণজাগরণ মঞ্চ যেভাবে এক হয়েছিল, তেমনি আবার ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবে তরুণদের নিয়ে মাঠে লড়াই করে সাম্প্রদায়িকতা ঠেকাতে হবে।

সভায় অন্যদের মধ্যে ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ঢাকা মহানগর সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক কিশোর রায়, বাংলাদেশ আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ