গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে তারেক রহমান লড়াই করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, গণতন্ত্র ধ্বংস করার উদ্দেশেই খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে। গত ১৭ বছর ধরে দেশের মানুষ ভোগান্তির শিকার হলেও, বেগম খালেদা জিয়ার ওপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন। তাকে গৃহহীন করা হয়েছে। তিলে তিলে তাকে শেষ করার জন্য এমন কোনো কাজ নেই, যা তারা করেনি। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে তারেক রহমান লড়াই করেছেন, করে যাচ্ছেন।
আজ শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শাহজাহানপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের আমলে সব খুন-হত্যার বিচার আমরা চাই। ক্ষমতায় গেলে বিএনপি অবশ্যই এর বিচার করবে।
তিনি বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভন্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে।’
নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা থাকা দরকার সুষ্ঠু নির্বাচনের জন্য। নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে, সংস্কার বিচার নিয়ে, এগুলো চলমান প্রক্রিয়া।’
সূত্র : বাসস











