মিয়ানমারের জান্তা সরকার বলেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখের বেশি মানুষ তাদের রাখাইন রাজ্যের পুরোনো বাসিন্দা। রাখাইনের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ভালো হলে তারা এই রোহিঙ্গাদের নিজেদের দেশে ফিরিয়ে নেবে।
শনিবার (১৫ আগস্ট) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো মোট আট লাখ ২৮ হাজার ৮২৪ জন শরণার্থীর তালিকা থেকে মিয়ানমার চার লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য যাচাই করেছে। এর মধ্যে তিন লাখ আট হাজার ৭৯৭ জনকে রাখাইনের নিবন্ধিত বা সাবেক বাসিন্দা হিসেবে নিশ্চিত করা হয়েছে।
তবে তালিকায় থাকা এক লাখ ১৩ হাজার ৫০৭ জনের পরিচয় মিয়ানমার কর্তৃপক্ষ যাচাই করতে পারেনি। এছাড়া ৪,২৪১ জনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ তুলে তাদের ফেরত নিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে নেপিদো।
বিবৃতিতে মিয়ানমার জান্তা সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কোনো ধরনের প্রত্যাবাসন বা সশরীরে ফিরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হবে না।










