সৌদি আরবের পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পবিত্র স্থানগুলোর মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সৌদি আরবের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও সংহতি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের মর্যাদার প্রতি বাংলাদেশ গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে। এসব পবিত্র স্থানের সুরক্ষায় সৌদি আরব ও দেশটির জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।
বাংলাদেশ আরও জোর দিয়ে বলেছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সব সময় নিশ্চিত করতে হবে। এসব স্থানের মর্যাদার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন এবং যথাযথ সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য।











