spot_img
spot_img

মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর

মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম।

তিনি বলেন, হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের শতকোটি মুসলমানের প্রাণস্পন্দন ও চূড়ান্ত সীমারেখা। মক্কা ও মদিনা কোনো রাষ্ট্রীয় রাজনীতির বিষয় নয়। ফলে পবিত্র দুই নগরীর নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

মুফতী রেজাউল করীম বলেন, মঙ্গলবার মক্কা-মদিনায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে গোটা মুসলিম উম্মাহ থমকে গিয়েছিল। হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের শতকোটি মুসলমানের প্রাণের স্পন্দন। এটি আমাদের চূড়ান্ত সীমারেখা। মক্কা ও মদিনা সব রাষ্ট্রীয় রাজনীতির ঊর্ধ্বের বিষয়।

তিনি বলেন, স্বস্তির বিষয় হলো, হুথিদের পক্ষ থেকে মক্কা-মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি সৃষ্টি না করার বার্তা পাওয়া গেছে। এই অবস্থানের ওপর তাদের অটল থাকতে হবে।

তিনি আরও বলেন, যেহেতু ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি সরকার পালন করছে, সেহেতু এমন কোনো রাজনৈতিক বিরোধে জড়িয়ে পড়া উচিত নয়, যাতে পবিত্র দুই শহরের প্রতি কোনো ধরনের হুমকি তৈরি হয়।

চরমোনাই পীর বলেন, শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মক্কা-মদিনা ও জাজিরাতুল আরবের শান ও মর্যাদা রক্ষা করাও সৌদি সরকারের দায়িত্ব।

হারামাইনের নিরাপত্তার সঙ্গে নিজেদের সংযুক্ত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, হারামাইনের নিরাপত্তার প্রশ্নে আমরা বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছি এবং থাকব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ