ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ২৩ জনের নাম উলেখসহ অজ্ঞাত চার শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
শনিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির সমাবেশস্থল পলিটেকনিক মাঠ থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল করে স্টেশন চত্ত্বর এলাকায় চলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে হামলা চালায়। এসময় রাস্তায় জনগণের চলাচলে বাধা, পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। এতে তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।











