spot_img
spot_img

বিএনপি যদি পাঁচ বছর বাংলাদেশে শাসন করে, আমরা দুর্ভিক্ষে মারা যাবো: রাশেদ প্রধান

বিএনপি পাঁচ বছর বাংলাদেশ শাসন করলে মানুষ দুর্ভিক্ষে মারা যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেন, আমার দৃষ্টিতে যেটা বুঝি, সেটা হচ্ছে, এই নতুন জালেম বিএনপি তেলের দাম, গ্যাসের দাম, সিলিন্ডার, সার সংকট, সিন্ডিকেট, দলীয়করণ, এদের অপকর্ম বলে শেষ করা যাবে না। এরা যদি পাঁচ বছর বাংলাদেশে শাসন করে, আমরা দুর্ভিক্ষে মারা যাবো।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জেলা শাখা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, আমরা দুর্ভিক্ষে মরার জন্য আসিনি। আমার প্রাণের সংগঠন ইসলামী ছাত্রশিবিরের একটা লাইন আমি ধারণ করি। ওরাও বলে, ওদের সাথে সাথে আমিও বলি। আমরা তো ওই শহীদী তামান্না নিয়ে এসেছি। আমাদের চোখ রাঙানি দেখিয়ে লাভ নাই। বাংলার মাটি আর ভারতের অঙ্গরাজ্য হবে না। বাংলার মাটিতে আর কোনো নতুন স্বৈরতন্ত্রকে আমরা কায়েম হতে দেব না।

উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে তিনি বলেন, আমার এই উত্তরবঙ্গ শুরু থেকে অবহেলিত। রংপুর বিভাগ আর রাজশাহী বিভাগ, আমি তো রাজশাহী শহরটা ব্যতিরেকে রাজশাহী বিভাগ এবং পুরো রংপুর বিভাগে কোনো উন্নয়ন দেখতে পাই না। হাইওয়ের কিছু রাস্তা পাকা হলেই বলে দেওয়া যায় না যে ওই জেলা উন্নত হয়ে গেছে। আমি কোনো উন্নয়নের ছিটেফোঁটা দেখতে পাই না। এই উন্নতিটা তো আমাদের ঘটাতে হবে।

তিনি বলেন, আমরা এই অঞ্চলের মানুষ হিসাবে যেটা বলতে পারি, ওই সময়েও আমাদের বিবেককে জাগিয়ে তুলেছিলো এই উত্তরবঙ্গ থেকেই তো আবু সাঈদ। আমরা তো যুগে যুগেই প্রস্তুত আছি শহীদ হওয়ার জন্য, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা নতুন করে নামার জন্য প্রস্তুত আছি, শহীদী তামান্না নিয়ে তৈরি আছি। জুলাই যদি আবার নামাতে হয়, তাহলে আমরা আবার নামবো।

রাশেদ প্রধান বলেন, আমি একটা জিনিস স্পষ্ট করতে চাই, এই যুদ্ধটা ১১ দলকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধ নয়। এই যুদ্ধটা জামায়াতকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধ নয়। এই যুদ্ধটা বাংলাদেশের যুদ্ধ এবং এই যুদ্ধটাতে আমাদের জয়যুক্ত হতেই হবে। আমার সামনে ক্ষমতা কোনো ফ্যাক্টর না।

তিনি আরও বলেন, ওপরে আল্লাহ আছে, আল্লাহর কসম করে বলতেছি, আমি খালি মরার আগে এইটুকু দেখতে চাই এই দেশটা পরিপূর্ণ স্বাধীন এবং সার্বভৌম। এই দেশটার এক ইঞ্চির মধ্যেও ভারতীয় আধিপত্য নাই, দেশটার মধ্যে মানবিকতা আছে, ইনসাফ আছে। আমি এটা চাই, আমি ক্ষমতা চাই না। আমি সেই মানুষ।

নিজেকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা সম্ভব নয় দাবি করে রাশেদ প্রধান বলেন, আমাকে ভয় দেখায়ে লাভ নাই। আমার বাসা যখন হামলা করে নব্য জালেম বিএনপি, আমি তখন ভয় পাই নাই। আমাকে ভয় দেখানো এত সহজ না।

তিনি আরও বলেন, আমার মৃত্যু যেই সেকেন্ডে লেখা আছে, আমি সেই সেকেন্ডে মৃত্যুবরণ করব। কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আর ওই সেকেন্ডের এক সেকেন্ড আগে ইন্ডিয়ানরা, বিএনপি, আওয়ামী লীগ আমাকে মারতে পারবে না, আমি এটা জানি। আর মরবো তো একবার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ