রাজধানীর রাজারবাগের তথাকথিত দরবার শরিফের ভণ্ড পীর দিল্লুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুসন্ধানে কর্মকর্তারা হলেন, দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও উপসহকারী পরিচালক আলতাফ হোসেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার।
তিনি জানান, রাজারবাগ দরবার শরিফের ‘পীর’ দিল্লুর রহমানের বিরুদ্ধে সাধারণ মানুষকে ধর্মের নামে ধোঁকা দেওয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাত হাজার একর জমি ক্রয় ও অবৈধভাবে রাবার বাগান দখলসহ অন্যান্যভাবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আদালত তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তার ভিত্তিতে তিন সদস্যের টিম গঠন করে অনুসন্ধানী কার্যক্রম শুরু করেছে দুদক।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশে টিমকে ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তারা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন তৈরি না হলে তারা আদালতে সময় চাইতে পারেন। আশা করছি, এই সময়ের মধ্যে প্রতিবেদন তৈরি হয়ে যাবে।











