বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে উন্নয়ন সহযোগিতার ধরন বদলে সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে বাংলাদেশ। এই লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তৈরি একটি নতুন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা হয়েছে। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে এই প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
শনিবার (১৮ এপ্রিল) ফোরামের ‘শ্রিংকিং এইড অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক এক প্লেনারি সেশনে বক্তব্য প্রদানকালে তিনি এই মডেলটি বিস্তারিত ব্যাখ্যা করেন।
বক্তব্যে হুমায়ুন কবির বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রচলিত সহায়তার ওপর নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে টেকসই নয়। তিনি জোর দিয়ে বলেন, উন্নয়নের জন্য সহায়তানির্ভরতা থেকে সক্ষমতাভিত্তিক পদ্ধতিতে রূপান্তর অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে স্থানীয় সক্ষমতা গড়ে তোলা অপরিহার্য।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো মানবসম্পদ ও দক্ষতা উন্নয়ন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য নারীর শিক্ষা ও ক্ষমতায়ন এবং একইভাবে স্বাস্থ্যখাতে সক্ষমতা ও সেবার মান উন্নত করতে স্বাস্থ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও আধুনিকীকরণ অপরিহার্য।
সেশনে জাতিসংঘ, টিকা (তুর্কি ডেভেলপমেন্ট কো-অপারেশন মডেল) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।











