spot_img
spot_img

মৃত বাবাকে খুশি করতে আর্জেন্টিনার রঙে বাড়ি রাঙালেন ৩ ছেলে

ব্রাহ্মণবাড়িয়ার তিন ভাই মিলে করেছে এক অবাক কাণ্ড। মৃত বাবাকে শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনার পতাকার রঙে বসতঘর রাঙিয়েছেন তারা। সর্বশেষ ২০১৮ সালের বিশ্বকাপ বাবাকে নিয়ে দেখলেও ২০২২ বিশ্বকাপ তাদের দেখতে হবে বাবাকে ছাড়া। এমন শূন্যতা থেকেই মূলত তিন ভাইয়ের এই অভিনব উদ্যোগ।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল ইসলামের (দারু মিয়া) তিন ছেলে শেখ তাজিম উদ্দিন আহমেদ (২৮), শেখ তারেক আহমেদ (২৬) ও শেখ রোহান উদ্দিন (২৩) এই ব্যতিক্রমী কাজ করে আলোচনায় উঠে এসেছেন।

মৃত আনোয়ারুল ইসলাম ছিলেন ফুটবলের অন্ধ ভক্ত। গ্রামের ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে প্রিয় দলের খেলার দিনগুলো আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পার করতেন তিনি। আর্জেন্টিনাকে নিয়ে তার আবেগের বিষয়টি উপভোগ করতেন এলাকাবাসী। ২০১৯ সালের জানুয়ারিতে তিনি মারা যান। রেখে যান ৯ ছেলে ও এক মেয়েকে। তাই এবার বাবার শূন্যতা পূরণ করতে ও শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনার পতাকার আদলে নিজেদের বসতবাড়ি রঙ করেছেন।

প্রয়াত আনোয়ারুল ইসলামের ৮ম ছেলে শেখ তারেক আহমেদ গণমাধ্যমকে বলেন, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি আমাদের অগাধ ভালোবাসা। এই ভালোবাসা সেই ছোটবেলা থেকে। যখন আমরা ছোট ছিলাম, আব্বা রাত ৩টায় আমাদের পরিবারের সবাইকে আর্জেন্টিনার ফুটবল খেলা টিভিতে দেখতে ঘুম থেকে ডেকে তুলতেন। আমার আব্বা ছিলেন আর্জেন্টিনার অন্ধ ভক্ত। তখন থেকেই দলটির প্রতি আমাদের ভালবাসা তৈরি হয়েছিল। এখন আমার আব্বা নেই। আব্বার প্রতি ভালোবাসা এবং সম্মান জানিয়ে আর্জেন্টিনার পতাকার আদলে বসতঘর রঙ করেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ