spot_img
spot_img

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক বাবা ও তার ছেলে। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মতের অমিল, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে পদত্যাগের ঘোষণা দেন মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে মিরান ফকির অভিযোগ করেন, রাজনীতি সম্পর্কে তেমন ধারণা না থাকা সত্ত্বেও তার বৃদ্ধ বাবাকে ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। একইভাবে তাকেও ভয় দেখিয়ে দলে যুক্ত করা হয়। তবে তাদের কোনো সাংগঠনিক পদ ছিল না, শুধু সদস্য হিসেবে রাখা হয়েছিল।

মিরান ফকির জানান, বিএনপির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকার সময় তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তার একটি ছোট ব্যবসা রয়েছে। সেখানেও ব্যবসা পরিচালনার সময় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে তাদের মতের মিল পাননি। বিশেষ করে মানুষকে আটক, হয়রানি, মারধর, সংঘর্ষ ও বিশৃঙ্খল কর্মকাণ্ড তারা সমর্থন করেন না।

বক্তব্যের একপর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিএনপির সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন মিরান ফকির। ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না থাকার কথাও জানান তিনি।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, তাদের দলত্যাগের খবরটি তারা ইতোমধ্যে জেনেছেন। তবে মিরান ফকিরের করা অভিযোগের কোনো সত্যতা নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ