মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কর্মময় জীবন ও রেখে যাওয়া কাজগুলোকে আদর্শ হিসেবে ধারণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ভাসানী জনশক্তি পার্টি’ এ আলোচনা সভার আয়োজন করে।
বক্তব্যের শুরুতে মওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
স্মৃতিচারণ করে রিজভী বলেন, ছোটবেলায় তাঁকে কিছুটা দেখার সুযোগ হয়েছিল। তাঁর কর্মপরিধি এতটাই বিস্তৃত যে, তা নিয়ে সংক্ষেপে বলা কঠিন। এ জন্য অনেক সময়ের প্রয়োজন। তিনি যে কাজগুলো রেখে গেছেন, সেগুলো যেন আমরা আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি।
ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সভায় মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।











