নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ আয়োজনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার ঘটনায় ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে বুড়ো আঙুল দেখান রুমিন ফারহানা।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে ইসলামপুর এলাকায় রুমিন ফারহানার পক্ষে প্রচারণামূলক সমাবেশের আয়োজন করেন তার কর্মী-সমর্থকরা।
সমাবেশে আচরণবিধি লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার পক্ষে জুয়েল নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানার পর রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের ওপর ক্ষিপ্ত হন। এ সময় তিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং বুড়ো আঙুল দেখান বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
এ সময় রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভও ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার জানান, আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। জরিমানার ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করেন বলেও তিনি উল্লেখ করেন।










