টানা ১২ দিন পর মৃত্যুশূন্য দিন কাটাল রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালের করোনা ইউনিট। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের এই ইউনিটে করোনা সংক্রমণ কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এক দিন আগেও হাসপাতালের এই ইউনিটে চারজন প্রাণ হারান। তারা মারা যান প্রাণঘাতী করোনা সংক্রমণে। সর্বশেষ গত ৪ ফেব্রুয়ারি মৃত্যুহীন দিন কাটে করোনা ইউনিটে। এরও আগে ১৮ জানুয়ারিও মৃত্যুশূন্য ছিল হাসপাতালের এই ইউনিট।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা সংক্রমণের উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।










