লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে রেজাউল করিম নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বাবু নামে অপর এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোররাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের সমশেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নয়াবাড়ি এলাকার মনসুর আলীর পূত্র।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনতে বাংলাদেশ-ভারত নো ম্যান্স ল্যান্ডে যায় ৯ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ করে গুলি চালায়। এ সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই রেজাউল করিম নিহত হন এবং আহত হন বাবু। বাকি ৭ জন পালিয়ে যায়।
পরে বিএসএফ আহত বাবুকে আটক করে এবং রেজাউল করিমের মরদেহ ভারতে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে।









