সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে ভারত সরকারের কাছে প্রতিবাদ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মার্চ কুষ্টিয়া জেলায় ভারতীয় সীমান্তে বিএসফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভার সদস্যরা মনে করেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের মানবাধিকার লংঘনের তীব্র নিন্দা জানানো হয়।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা মনে করে, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। সভায় সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের জন্য ভারত সরকারের কাছে প্রতিবাদ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।










