জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসনসহ আগামী জাতীয় নির্বাচনের বিষয় নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকাল তিনটা থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন, আমাদের মধ্যে তো অনেক মিউচিয়াল ইন্টারেস্ট আছে। দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ককে কিভাবে এগি্য়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। উন্নয়ন আছে, বাংলাদেশে গণতন্ত্রের ব্যাপার আছে, মানবাধিকারের ব্যাপার আছে, বাংলাদেশে আইনের শাসনের ব্যাপার আছে- ইত্যাদি সব কিছু নিয়ে আলোচনা হয়েছে।
আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আমীর খসরু বলেন, নির্বাচন বাদে তো কোনো আলোচনা হতে পারে না। কারণ বাংলাদেশের আগামী নির্বাচনের বিষয়ে সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাঁকিয়ে আছে। স্বাভাবিক ভাবে উনারা জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে? সকলের চোখ তো বাংলাদেশের দিকে। আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে?










