spot_img

অগ্নিকাণ্ডের ঘটনাগুলো রাজনৈতিক নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

একের পর এক আগুনের ঘটনা রাজনৈতিক নাশকতা কিনা, সেটা খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদক অনুবিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মাদ সাইফুল ইসলামের নেতৃত্বে গঠিত ৯ সদস্যের তদন্ত কমিটি খুব শিগগির প্রতিবেদন জমা দেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘তদন্তে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকদের জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে।’ তবে সেই বিশেষ রাজনৈতিক দলের কোনও নাম উল্লেখ করেননি তিনি।

সম্প্রতি রাজধানীর বঙ্গবাজার আগুনের ঘটনার দুদিন পর ৬ এপ্রিল মুহাম্মাদ সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এই ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই কমিটিই পরবর্তী ও আগে ঘটে যাওয়া আগুনের ঘটনাগুলো তদন্ত করবে। এ কমিটির কো-অপ্ট সদস্য হিসেবে কাজ করছেন ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রতিনিধি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর প্রতিনিধি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপযুক্ত প্রতিনিধি এবং সুরক্ষা সেবা বিভাগের অগ্নি-১ শাখার একজন উপসচিব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ