রাজধানীর পল্লবীর ১২ নম্বরে সাহিনুদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব ও লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
নিহতের মা আকলিমা বাদী হয়ে রোববার দিবাগত রাতে পল্লবী থানায় মামলাটি করেন।
মামলার অন্য আসামিরা হলেন আবু তাহের, মো. সুমন, মো. মুরাদ, মো. মানিক, মো. মনির, মো. শফিক, মো. টিটু, আ. রাজ্জাক, মো. শফিক (২), কামরুল, মো. কিবরিয়া, মো. দিপু, মরন আলী, মো. লিটন, আবুল, সুমন ওরপে ন্যাটা সুমন, কালু, বাবু ও ইয়াবা বাবু।
এর আগে রোবাবার বিকালে মিরপুর ১২ নম্বর ডি ব্লকের ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে স্থানীয় বাসিন্দা সাহিনুদ্দিনকে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এম এ আউয়ালের নির্দেশে সুমন বাহিনী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক হিসেবে তরিকত ফেডারেশন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এম এ আউয়াল।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রার্থী হয়েছিলেন। তবে ঋণ খেলাপি হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।












