পূর্ব আফ্রিকার দেশ নাইজেরিয়ায় আমেরিকার দূতাবাসের গাড়িবহর লক্ষ্য বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দূতাবাসের দুই কর্মী এবং দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় তিনজনকে অপহরণ করেছে হামলাকারীরা।
বুধবার (১৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার আনামব্রা প্রদেশের আতানি শহরের কাছে মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। অপহৃতদের মধ্যে একজন গাড়িচালক এবং অন্য দুইজন পুলিশ কর্মকর্তা।
আনামব্রা প্রদেশের পুলিশ মুখপাত্র ইকেঙ্গা তোচুকউ বলেন, এলাকাটি বিচ্ছিন্নতাবাদী সহিংসতার জন্য পরিচিত। দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের দুইজন সদস্য ও আমেরিকার কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে এবং তাদের মরদেহ ও যানবাহনে আগুনে জ্বালিয়ে দেয়। আমরা অপহৃতদের সন্ধান ও উদ্ধারের চেষ্টা করছি।
আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, দূতাবাসের গাড়িতে হামলা হলেও সেখানে কোনো আমেরিকার নাগরিক ছিল না। তাই কোনো আমেরিকার নাগরিক আহত হয়নি। তবে গাড়িবহরে হামলা ও হতাহতের বিষয়টি আমেরিকা গুরুত্বের সঙ্গে দেখছে।
সূত্র: আল জাজিরা











