spot_img

দেশের অর্থ পাচার করে সব শূন্য করে দিয়েছে : ড. মোশাররফ

বাংলাদেশ স্বাধীন হওয়ার গত ৫১ বছরে বিদেশি কূটনৈতিকদের প্রটোকল প্রত্যাহারের মতো কোনও ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন।

তিনি বলেন, বাংলাদেশে এখন উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত দুর্নীতি। দেশের অর্থ পাচার করে সব শূন্য করে দিয়েছে। দেশের মানুষ আজ দু’বেলা পেট পুরে খেতে পারে না। মধ্যবিত্ত আজ গরীব হয়ে যাচ্ছে। সরকার নিজেদের ইচ্ছামতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করেছে।

বুধবার (১৭ মে) ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচির পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি নেতা তাবিথ আউয়াল প্রমুখ।

সমাবেশ শেষে সাড়ে তিনটার দিকে পদযাত্রা শুরু করে নেতাকর্মীরা। শাহজাদপুরের সুবাস্ত টাওয়ার সামনে থেকে শুরু করে রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেল মোড়ে এসে শেষ হবে মহানগরের পদযাত্রাটি।

ড. মোশাররফ বলেন, এ সরকারের আমলে দেশের মানুষ ভোট দিতে যায় না। গত কয়েকদিন আগে একটি উপনির্বাচনে শুধু ১৪ শতাংশ ভোট পড়েছে। এতে বোঝা যায় কেউ এ সরকারের অধীনে ভোট দিতে চায় না। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আর কোন ভোট হতে দিবো না। জনগণ তা হতে দিবে না।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, একটাই দাবি এই সরকারকে হটাতে হবে। কোনো স্বৈরাচার এমনি এমনি যায় না। তাকে হটাতে হয়। তাই এ সরকারকে হটাতে গণঅভ্যুত্থানের কোন বিকল্প নাই। এজন্য আপনারা প্রস্তুতি নেন।

বিদেশিদের প্রটোকল প্রত্যাহার বিষয়ে মোশাররফ হোসেন বলেন, গত একান্ন বছরে দেশে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। সরকার বিদেশিদের কাছে ধর্না দিয়ে কোন লাভ পায়নি। তাই সরকার পাগল হয়ে গেছে। আপনারা সজাগ থাকুন। কোনো ষড়যন্ত্র বা ফাঁদে পা দিবেন না। সরকারকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে, ইনশাআল্লাহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ