বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে বিএনপি মেনে নেবে।
শনিবার (১৭ জুন) ডিআরইউতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিএনপির এ নেতা বলেন, বিএনপি নেতাকর্মীরা অবশ্যই নির্বাচন করতে চায়, তবে তা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আলহামদুলিল্লাহ, মেনে নেব।
তিনি বলেন, নির্দলীয় সরকারের জন্য লড়াই করছে বিএনপি। যারা ক্ষমতায় আছে তারা জনগণের ভোটবিহীন, জোর করে ক্ষমতায় টিকে আছে। এত লুটপাট, দুর্নীতি করছে সে কারণেই তারা ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে। অন্যায় অত্যাচার করা হবে না ক্ষমতা ছাড়লে, তবে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে।
তিনি আরও বলেন, ভিসানীতি মূলত সুষ্ঠু নির্বাচনে যারা বাধা সৃষ্টি করবে তাদের জন্য। তবে এটা দেশের জন্য আনন্দদায়ক নয়। এটা অপমানজনক, অসম্মানজনক।










