মানবসেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন সরকারি নিবন্ধন পেয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগ ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ, খাদ্য ও শীতবস্ত্র বিতরণ, চিকিৎসাসেবা এবং বিভিন্ন মৌসুমি মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে নলকূপ স্থাপন, বিধবা নারী ও অনাথ শিশুদের বিশেষ সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় পরিবারের পুনর্বাসন এবং কর্মসংস্থানমুখী প্রকল্প বাস্তবায়নেও কাজ করছে সংগঠনটি।
এ ছাড়া পবিত্র ঈদুল আযহায় কুরবানির মাংস বিতরণ, রমজানে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ এবং জরুরি দুর্যোগ মোকাবিলায় সংগঠনটির কার্যক্রম প্রশংসিত হয়েছে।
দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসায় সহায়তা, সেলাই মেশিন বিতরণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং বিভিন্ন আয়বর্ধক উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতেও কাজ করছে মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক তানভীর সিরাজ বলেন, সরকারি নিবন্ধন পাওয়ার ফলে মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত, স্বচ্ছ ও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।
এ সময় তিনি দেশ-বিদেশের শুভানুধ্যায়ী, দাতা ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশের যেকোনো সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ সমুন্নত রাখাই মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল লক্ষ্য।
‘মানুষের কল্যাণে, মানবতার সেবায়’ এই অঙ্গীকার নিয়ে সংগঠনটি সারা দেশে মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও স্বাবলম্বী উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে।











