পাকিস্তান থেকে সম্প্রতি ১০ হাজার ‘জেহাদী যোদ্ধা’ আফগানিস্তানে প্রবেশ করেছে বলে দাবি করেছেন মার্কিনপন্থী আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।
শুক্রবার সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া রিজিওনাল কানেকটিভিটি সম্মেলনে তিনি এ দাবি করেন।
বৈঠকে আফগানিস্তানের চলমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে কথার যুদ্ধে জড়ান আফগান প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিশেষ করে আফগানজুড়ে বর্তমান পরিস্থিতির জন্য ইসলামাবাদকে দায়ী করেন আশরাফ গনি।
আলোচনার এক পর্যায়ে গোয়েন্দা সূত্রের বরাতে মার্কিনপন্থী আফগান সরকারের প্রেসিডেন্ট গনি ক্ষোভ জানিয়ে বলেন, গত মাসে পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ১০ হাজারেরও বেশি ‘জেহাদী যোদ্ধা’ আফগানিস্তানে প্রবেশ করেছে।
জবাবে প্রধানমন্ত্রী ইমরান বলেন, আফগান পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটি হচ্ছে পাকিস্তান। গত ১৫ বছরে এখানে ৭০ হাজার প্রাণহানি হয়েছে। যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের তারিখ ঘোষণার পর তালেবান কার্যকর বৈঠকে বসেনি। যখন আফগানিস্তানে দেড় লাখ ন্যাটো সেনা ছিল, তখনই তালেবানকে গুরুত্ব নিয়ে বৈঠকে বসানোর প্রয়োজন ছিল। তালেবানকে আলোচনার টেবিলে নিয়ে আসতে পাকিস্তানের মতো কেউ চেষ্টা করেনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ক্ষোভ জানিয়ে আরও বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে পারি পাকিস্তানের চেয়ে কোনও দেশই তালেবানকে সংলাপের টেবিলে নেওয়ার কঠোর চেষ্টা করেনি। তালেবানকে সত্যিকার অর্থে আলোচনার টেবিলে আনা এবং শান্তিপূর্ণভাবে মীমাংসা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছি। আর বর্তমানে আফগানিস্তানে যা চলছে তার জন্য ইসলামাবাদকে দোষী করাটা সত্যিই অন্যায়’।












